Wednesday, 22 May 2019

"গঙ্গা গঙ্গার তরঙ্গে..."

"গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণপদ্ম ভাসাইলাম রে
  গঙ্গা রাখিয়ো যতনে বুকে নিয়া
  মাগো দুলাইয়ো আষাঢ় ঢেউ দিয়া রে....."

গাড়ি চেপে উত্তপ্ত কলকাতার রাস্তায় চলেছিলাম | গাড়িতে রেডিও বাজছিল | এফ.এম স্টেশনগুলোর হিন্দি-ইংরেজি-বাংলার জগাখিচুড়ি ভাষায় বাজারি ন্যাকামো শুনে প্রাণ অতিষ্ঠ হয়ে ওঠায় এ.এম রেডিও চালালাম | এফ.এম -এর তুলনায় এ.এম রেডিওর শব্দ অনেক নিম্নমানের | পাশ দিয়ে অন্য গাড়ি একটু জোরে ওভারটেক করলে "নয়েস" হয় | যাইহোক, স্ক্যান করে একটা নাম না জানা স্টেশনে মোটামুটি ভালো মানের শব্দ পাওয়া গেল | একটা খুব সুন্দর শ্যামাসংগীত শুনলাম | পান্নালাল ভট্টাচার্য্যের গাওয়া | তারপরেই এই গানটা | অনুষ্ঠানের কথক শিল্পীর নাম উল্লেখ করলেও এখন আমার মনে নেই | পরে বাড়ি ফিরে ইন্টারনেটে দেখলাম যে "গঙ্গা" সিনেমাটিতে লোকগীতির প্রখ্যাত শিল্পী নির্মলেন্দু চৌধুরী এই গানটি গেয়েছিলেন |
              আমি জীবনে অনুভব করেছি যে সুরের এক অপার্থিব শক্তি আছে | মনের, এবং মনের ওপারে বোধের সমস্ত অলিগলির হিসেব মনে হয় একমাত্র সুরের কাছেই আছে | এই গানটা শুনেও আমার এরকমই মনে হল | যার ওপর মানুষের কোনো জোর খাটে না, অথচ যাকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বেশি চেষ্টা করে থাকি আমরা, তা হল জীবন | আমাদের সবার জীবন কি গঙ্গার মতই চিরপ্রবাহিতা নয় ? সেখানে কেউ ঢিল ফেলে, কেউ প্রদীপ ভাসায় |
   জীবন অনিয়ন্ত্রিত জেনেও মানুষমাত্রেই স্বপ্ন দেখে | প্রতিদিন চেষ্টা করে একটা নতুন সূর্যোদয় প্রত্যক্ষ করার | কেউ পারে, কেউ পারে না | তবুও স্বপ্ন আমাদের চোখ রঙিন করে | অসাধারণ শিল্পের জন্ম দেয় সভ্যতা | তাই সে মা গঙ্গার কাছে প্রার্থনা করে তার প্রাণপদ্মটিকে বুকে আগলে রাখতে, আষাঢ় ঢেউয়ে দুলিয়ে দুলিয়ে নিয়ে যাওয়ার জন্য | গানটি শুনেই কয়েকটা দৃশ্য, কয়েকটি নাম মনে পরে যায় | আমার সদ্য পড়া শেষ হওয়া "তিতাস একটি নদীর নাম" | বিভূতিভূষণের "ইছামতি" | ঋত্বিক ঘটকের অপূর্ব "সুবর্ণরেখা" | "অপুর সংসার "-এ অপূর্ব কুমার রায় পুলুর সাথে নৌকায় চলেছে | সুবল আর কিশোর তিতাসে নৌকো বাইছে | সে এক অভূতপূর্ব অভিজ্ঞতা |এ আমাদের বাংলার নিজস্ব ছবি, আমাদের নিজস্ব গান | কোনো ধার করা আধখ্যাঁচড়া বিদেশী ঢং নয় |
এই অসাধারণ অভিজ্ঞতায় একটাই খামতি রয়ে গেল | গানটি শুনতে শুনতে জাহ্নবীকে দুচোখ ভরে দেখতে পেলে যে আনন্দ হত, ভাগ্যদোষে তার থেকে বঞ্চিত হলাম | যাই হোক, কিছু অপূর্ণতা থাকা দরকার | অপূর্ণতাই তো মানুষের এগিয়ে যাওয়ার সম্বল |


2 comments: